প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জে নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৮:০৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এর আগে একই দিন সকালে এই হামলার ঘটনা ঘটে বলে ওই মামলায় উল্লেখ করা হয়েছে। 

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাওয়ার পথে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা সংবর্ধনা দিয়ে ফিরছিলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে সকাল ১০টায় বিএনপি নেতাকর্মীরা লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডের পাশে যুগিপাড়া এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ‘তারা নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের নির্দেশে তার ছেলে মাহমুদুল রহমান শুভের নেতৃত্বে আওয়ামী দোসর অন্তর, প্রান্ত, মনির মেম্বার, মজিবর রহমান, আবুল কালাম, কাজী পনির, রিপন, ফারুক ও ইকবালসহ ২০/২৫ জন মিলে লোহার রড, এসএস পাইপ, কাঠের ডাসাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।’

অভিযুক্তদের মধ্যে মাকসুদ আলম নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও মনির মেম্বার উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগ করা হলে মাকসুদ আলম ফোন রিসিভ করেননি। এতে তার বক্তব্য জানা যায়নি। একইভাবে মনির মেম্বারের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে হামলাকারীরা এলাকা থেকে সরে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

ইত্তেফাক/এপি