‘পড়ালেখার চাপে’ স্কুল পালিয়ে ঢাকায় বরিশালের ৩ কিশোরী, খুঁজছিলেন চাকরি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯:৩০

বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার শ্যামপুর কদমতলী থানার ঢাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে বাকেরগঞ্জ থানায় এই সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে কিশোরীদের পরিবার। এরপর ঘটনা তদন্ত ও কিশোরীদের উদ্ধারে তাৎক্ষণিক মাঠে নামে পুলিশ।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার ওই তিন ছাত্রী স্কুলে আসার কথা বলে আর বাড়িতে ফিরে যায়নি। অনেক অনুসন্ধান করার পরে তাদের নিখোঁজদের পরিবার বাকেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়রি করেন। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকায় তিনজনের অবস্থান শনাক্ত করে পুলিশ।

সর্বশেষ বৃহস্পতিবার কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধার কিশোরীদের বরাতে পুলিশ জানায়, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে ওই তিন কিশোরী ঢাকায় পালিয়ে আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকায় তারা চাকরি খুঁজছিলেন।

বাকেরগঞ্জ থানা ওসি আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ ছাত্রীদের উদ্ধার করে ঢাকা থেকে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে।

ইত্তেফাক/এপি