দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোকে সমন্বিত ও ব্যবহারবান্ধব করার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণ নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। একই সঙ্গে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগও উৎসাহিত হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবা প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে হবে।
তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনা দরকার। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথোরিটি (আইবিএ)-এর কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
