রুমিন ফারহানাকে সতর্ক করলো সংরক্ষিত নারী আসনের এমপি নাদিয়া

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:০৯

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করছেন বলে তীব্র অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুমিন ফারহানার এ ধরনের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে এবং ধৈর্য্যচ্যুতি ঘটলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে স্থানীয় বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। নাদিয়া পাঠান পাপন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী।

রুমিন ফারহানার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাদিয়া পাঠান অভিযোগ করেন, বিএনপি অতীতে রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দিয়েছিল, অথচ এখন তিনি দলের প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিগত ১৭ বছরে বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগের কথা এবং দলীয় বক্তব্য অন্যদের লিখে দেওয়া হতো আর তিনি শুধু সেগুলো জনগণের সামনে উপস্থাপন করতেন বলে দাবি করেন তিনি।

রুমিন ফারহানার সমালোচনা করে তিনি বলেন, “উনি প্রায়ই বলেন, ‘বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে।’ আরে ভাই, আপনার নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুমিন ফারহানার আচরণের মিল রয়েছে বলে মন্তব্য করে নাদিয়া পাঠান বলেন, শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, বর্তমানে যেন ঠিক সেই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন রুমিন ফারহানা।

বিশেষ করে তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সম্প্রতি দেওয়া এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নাদিয়া বলেন, “তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন—এমন অবাস্তব ও জ্ঞানশূন্য কথা উনি কীভাবে বলেন? উনি কি উনার ব্যক্তিগত চিকিৎসক?”

ইত্তেফাক/এএম