ক্লপের জার্মানির প্রথম জয়, দুই গোলে পিছিয়ে পড়েও ড্র নেদারল্যান্ডসের

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪

জার্মানির কোচ হিসেবে শুরুটা হতাশার হয়েছিল ইয়ুর্গেন ক্লপের।  নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ের পর গ্রিসের কাছে হারের তেঁতো স্বাদ পেয়েছিল জার্মানরা। তবে তৃতীয় ম্যাচে এসে জার্মানির হয়ে নিজের প্রথম জয়ের দেখা পেয়েছেন ক্লপ। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। অন্যদিকে, গ্রিসের বিপক্ষে দুই গোল হজম করেও শেষ মুহূর্তে ড্র করেছে নেদারল্যান্ডস।

উয়েফা নেশনস লিগে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি। তবে একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথম দিকে গোলের দেখা পায়নি তারা। 

বিরতির ঠিক আগে অবশ্য কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় জার্মানি। ডি-বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ফ্লোরিয়ান ভির্টৎসের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে টম বিশফ জোরালো শটে জাল খুঁজে নিলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জার্মানির হাতে। তবে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নিক ভোল্টেমাদে। তবে অল্প সময় পরই ব্যবধান দ্বিগুণ করেন ভির্টৎস। অসাধারণ প্রথম স্পর্শে ডি-বক্সে জায়গা বানিয়ে তার নেওয়া শট সরাসরি জড়িয়ে যায় সার্বিয়ার জালে।

এই জয়ে শুধু তিন পয়েন্টই পেল না জার্মানি, ক্লপও এড়ালেন বিব্রতকর এক রেকর্ড। প্রথম তিন ম্যাচের কোনোটিতেই জয় না পাওয়া জার্মানির প্রথম কোচ হওয়ার শঙ্কা থেকে মুক্তি পেলেন সাবেক লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ড কোচ।

নাটকীয় ড্র নেদারল্যান্ডসের

অন্য ম্যাচে গ্রিসের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। প্রথমার্ধে ফুটিস ইয়োয়ান্নিদিস ও গিওর্গোস মাসুরাসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গ্রিস।

তবে ম্যাচের শেষ ভাগে বদলে যায় চিত্র। ভার্জিল ফন ডাইকের গোলে ব্যবধান কমানোর পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ডাচরা। শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে তিয়ানি রেইন্দার্সের গোলে ২-২ সমতা ফেরে ম্যাচে।

শেষ বাঁশি বাজার আগমুহূর্তে পাওয়া সেই গোলেই নিশ্চিত হয় নেদারল্যান্ডসের মূল্যবান এক পয়েন্ট।

ইত্তেফাক/জেডএইচ