মানিকগঞ্জ, সাভার, দোহার ও আড়াইহাজারে নবজাতকসহ চার জনের লাশ উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২৩:৫৬

মানিকগঞ্জ, সাভার, দোহার ও আড়াইহাজারে নবজাতকসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতার।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াসিন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইয়াসিনের সত্-মা নার্গিস আক্তারকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ছোট বাহাদুরপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইয়াসিন একই উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের হুমায়ন আহমেদের ছেলে। সে স্থানীয় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বাবার সঙ্গে ইয়াসিন ছোট বাহাদুরপুর গ্রামে তার সত্-নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। হরিরামপুর থানার ওসি আমিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার:সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজীরচট বটতলা এলাকার একটি শাখা সড়কের পাশ থেকে ঐ নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৩) বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার মৈনটঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক। স্থানীয়দের বরাতে এসআই মো. মোজাম্মেল হক বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাজবী গ্রামের কালভার্টের নিচে এক শিশুর লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের জুয়েলের কন্যা। তার নাম                  তাজবিয়া, বয়স ৬ মাস। এলাকাবাসী  জানান, বেশ কিছুক্ষণ ধরে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মা তানিয়া আক্তার খুঁজতে খুঁজতে বাড়ি থেকে প্রায় অর্ধকিলোমিটার দূরে এক কালভার্টের নিচে শিশুটিকে মৃত ও ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিত্কার করলে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। কীভাবে শিশুটি ঐ কালভার্টের নিচে গিয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।