মানিকগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মেলেনি ১৫ দিনেও

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২৩:৫৭

মানিকগঞ্জে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র আশরাফুলের কোনো সন্ধান পায়নি পুলিশ। এদিকে ছেলের কোনো সন্ধান না পেয়ে পুত্রশোকে বাকরুদ্ধ হয়ে গেছেন বিদেশ থেকে আসা বাবা মুহাম্মদ আলী ও মা ফাতেমা বেগম। আশরাফুল মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের ধল্লা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে এবং কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আশরাফুলের মা ফাতেমা বেগম জানান, গত ৬ আগস্ট বিকালে প্রাইভেট পড়ার কথা বলে স্কুলের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আশরাফুল। সন্ধ্যা ৭টার সময় তার মাকে মোবাইল ফোনে সে জানায়, ‘স্যার আসে নাই। আমি হাসলী আছি। বাড়িতে আসতে দেরি হবে।’ এরপর রাত গভীর হলেও আশরাফুল বাড়ি না ফিরলে ছেলের সন্ধানে তিনি বন্ধুদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও আশরাফুলের সন্ধান পাননি।

আশরাফুলের বাবা (সৌদি প্রবাসী) মুহাম্মদ আলী জানান, নিখোঁজের পর আমার ছেলের মোবাইল থেকে ইমো দিয়ে ফোন করে আমার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না বললে পরবর্তীতে ৩০ লাখ টাকা দিলে তারা ছেলেকে ফেরত দিবে বলে জানায়। মুহাম্মদ আলী ছেলেকে উদ্ধারের জন্য সৌদি আরব থেকে দেশে চলে এসেছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে আশরাফুলের নানা নাজিম উদ্দীন সদর থানায় সাধারণ ডায়েরি করেন। মানিকগঞ্জ সদর থানার এস আই মানবেন্দ জানান, গত ৭ আগস্ট থানায় অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।