সিসিটিভি বন্ধ করে গির্জার ৭০ কেজি ওজনের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪:১১

রাজধানীর মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। চুরির ঠিক আগমুহূর্তে রহস্যজনকভাবে গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে চোর জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুরের ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় চোর বা চোরেরা গির্জার দোতলার ফাঁকা জায়গায় রাখা ঘণ্টাটি নিয়ে যায়। ওই সময়ের আগে থেকেই গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল।

ঘটনার খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক পুলিশ অভিযান শুরু করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘সেইন্ট পল চার্চের দোতলার ফাঁকা জায়গায় রাখা প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়েছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালায়।’

তিনি বলেন, ‘পুলিশের তৎপরতার মধ্যে চোরেরা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ২ অক্টোবর রাত ২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়।’

চুরির আগে সিসিটিভি রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে জানিয়ে ওসি আবদুল হালিম বলেন, ‘রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। কেন এবং কীভাবে সেটি বন্ধ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চোর বা চোরদের শনাক্তে আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

উদ্ধার হওয়া পিতলের ঘণ্টাটি বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ইত্তেফাক/এসএইচ