চুয়েট ১১ দিন ধরে শাটডাউন, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ১১ দিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিল থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এর আগে কয়েক দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা, অবস্থান ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

অধ্যাপক সায়েমকে ৫৬ দিন দায়িত্ব পালনের পর উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এর আগেও মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল ও চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। পরে ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই দিন শিক্ষার্থীরা প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।

ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ইত্তেফাক/এমএএম