কানাডায় বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২৩:৫৯

কানাডায় বাংলাদেশের শরণার্থীদের সংকট নিয়ে ‘বাঁচাও রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র প্রকাশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবুর সমন্বয়ে কানাডা ন্যাশনাল এ্যাথনিক মিডিয়া, প্রেস কাউন্সিল, বেন-ক্যান যুব সংস্থা এবং আইইবি কানাডা ওভারসিজ চাপটারের উদ্যোগে কানাডার স্ট্রিট টরন্টোর মেট্রো হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় ১৯ আগস্ট বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা শেষে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন একাউন্টেন্ট রুকনুজ্জামান, সংগীত শিল্পী জাহিদ হোসেন, সাহিত্যিক অনুরুদ্ধ আলম, ফটোগ্রাফার নাদিম ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মম কাজী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।—প্রেস বিজ্ঞপ্তি