ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। গতকাল মঙ্গলবার হালিশহরে জেলা পুলিশ লাইন্সে অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ১১ জেলার এসপিদের এ নির্দেশনা দেন তিনি।
সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, চট্টগ্রাম রেঞ্জে মাদক একটা বড়ো সমস্যা ছিল। মাদকের বিরুদ্ধে আপনারা সবাই যুদ্ধ করেছেন। ইয়াবা একটি সর্বনাশা মাদক। পুলিশের বলিষ্ঠ ভূমিকার কারণে কক্সবাজারের মাধ্যমে ইয়াবা এখন তেমন একটা আসছে না। বর্ডারের অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। বর্ডার এলাকার এসপি যারা আছেন আপনারা সতর্ক থাকবেন। আমাদের কাছে তথ্য আছে ইয়াবা এখন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনারের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অভিযান ও অপরাধ) মোহাম্মদ আবুল ফয়েজসহ চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
