জানাজার জন্য করা অজু দিয়ে অন্য নামাজ পড়ার বিধান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:০৬

নামাজ আদায়ের জন্য অজু করা আবশ্যক। অজু ছাড়া নামাজ আদায় করা যায় না। তবে জানাজার নামাজের জন্য করা অজু দিয়ে পরে অন্য ফরজ, সুন্নত বা নফল নামাজ আদায় করা যাবে কি না এ বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। 

পবিত্র কোরআনে অজুর বিধান সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখ ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে। এবং মাথা মাসেহ করবে আর পা টাখনু (গ্রন্থি) পর্যন্ত ধৌত করবে...। ’ (সুরা মায়েদা, আয়াত: ৬)

অজুর ফজিলত সম্পর্কেও হাদিসে বিভিন্ন বর্ণনা রয়েছে। নুআইম মুজমির (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করে বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’ (বুখারি, হাদিস: ১৩৬)

ইসলামি বিধান অনুযায়ী, মৃত ব্যক্তির জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজ আদায়ের জন্যও অজু করতে হয়। জানাজা নামাজের ফজিলত সম্পর্কে মহানবী (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক ‘কিরাত’ পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজে অংশগ্রহণ করে, সে দুই ‘কিরাত’ পরিমাণ সওয়াব লাভ করে। কোনো এক সাহাবি প্রশ্ন করলেন, ‘হে আল্লাহর রাসুল! দুই কিরাত কী?’ নবী করিম (সা.) বললেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত ওহুদ পাহাড়ের সমান।’ (ইবনে কাছির)

জানাজার নামাজের জন্য করা অজু দিয়ে অন্য নামাজ আদায় করা যাবে কি না এর উত্তর হলো, হ্যাঁ, যাবে।

জানাজার নামাজের জন্য করা অজু অন্য নামাজের জন্যও কার্যকর থাকে। অজু করার পর তা ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ না ঘটলে ওই অজু দিয়ে ফরজ, সুন্নত ও নফল সব ধরনের নামাজ আদায় করা জায়েজ।

অর্থাৎ, কেউ জানাজার নামাজ আদায়ের উদ্দেশ্যে অজু করার পর সেই অজু ভঙ্গ না হলে পরবর্তী সময়ে ফরজ নামাজসহ অন্যান্য নামাজও ওই অজু দিয়ে আদায় করতে পারবেন। একইভাবে যেসব ইবাদতের জন্য অজু থাকা শর্ত, সেগুলোও ওই অজু দিয়ে করা যাবে।

ইত্তেফাক/এসজে