‘হিমালয়ান গন্ধগোকুল’ পিটিয়ে হত্যা, ঘটনাস্থলে বনবিভাগ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২০:৩৮

খাগড়াছড়ি সদর উপজেলায় একটি ‘হিমালয়ান গন্ধগোকুল’ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে মৃত প্রাণিটির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনবিভাগের কর্মকর্তারা।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার উপজেলার কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বীজিতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।

পরে শুক্রবার মৃত প্রাণিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এরপর রেঞ্জ কর্মকর্তা বলেন, হিমালয়ান গন্ধগোকুল একটি দুর্লভ প্রাণি এবং বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। গন্ধগোকুলে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা কমলছড়ি নতুন পাড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তবে যারা শিকারের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের পাইনি।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রামে কিছু লোক নিয়মিত শিকার করে। বৃহস্পতিবার তারা গন্ধগোকুলটিকে তাড়া করে পরে পিটিয়ে হত্যা করে বলে তার অভিযোগ।

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সাথোয়াই মারমা বলেন, হিমালয়ান গন্ধগোকুলক নিশাচর প্রাণি। প্রাণিটি দিনের বেশিরভাগ সময় উঁচু গাছের ডালে থাকে এবং সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়। নির্বিচারে শিকার, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে প্রাণিটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

ইত্তেফাক/এপি