ভূমির ক্ষতিপূরণের ৫ কোটি টাকা আত্মসাত্ মামলায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করেন।
দুদক সূত্র জানায়, ২০১৮ সালে দুদকে অভিযোগ আসে যে ভূমির ক্ষতিপূরণের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাত্ করে পালিয়েছেন সরকারের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম। এ অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। একই বছরের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জের সাবেক এলএও সেতাফুল ইসলামকে গ্রেফতার করে দুদক। একই দিন তার বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের মামলা করা হয়। তদন্ত শেষে সেতাফুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। অন্য আসামিরা হলেন কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষণ অফিসার এবং বর্তমানে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সাবেক সুপার এবং বর্তমানে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের হিসাব ও সিডিপিইউ শাখার নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম হায়দার, জেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ের অডিটর মো. সেয়দুজ্জামান, অফিস সহায়ক মো. দুলাল মিয়া, সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সাবেক এজিএম মো. মাহবুবুল ইসলাম খান, পূবালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুখলেছুর রহমান, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাপাইটর মো. আমিনুল ইসলাম এবং ডেমরার মো. জাহাঙ্গীর আলম। ঐ মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
