‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭
ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় মানবপাচার, অর্থপাচার ও অভিবাসী শ্রমিকদের চরম শ্রমশোষণের অভিযোগে নাজমুল ইস্তিয়াক (৪১) নামে এক বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার যাবতীয় সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।
 
তার বিরুদ্ধে শ্রমশোষণের উদ্দেশ্যে মানবপাচার, অর্থপাচার, প্রতারণা, জবরদস্তি, জাল নথি তৈরি ও ব্যবহার এবং শ্রম আইন লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তার অবস্থায় নাজমুলকে আদালতে হাজির করা হয়।
 
আদালতে প্রসিকিউশন জানায়, ইউরোপে উন্নত জীবনের মিথ্যা স্বপ্ন বা ‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে বাংলাদেশ থেকে রেস্তোরাঁয় কাজের কথা বলে একাধিক ব্যক্তিকে মাল্টায় নিয়ে আসেন নাজমুল। পরে দীর্ঘ সময় রেস্তোরাঁ বন্ধ রেখে তাদের বসিয়ে রাখা হতো। অন্তত পাঁচজন শ্রমিক অভিযোগ করেছেন, চার মাসের বেশি সময় কাজ করেও তারা এক সেন্টও বেতন পাননি। উল্টো জোরপূর্বক তিন মাসের অবৈতনিক ছুটির নথিতে স্বাক্ষর আদায় এবং মানসিক চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে।

প্রসিকিউশনের মতে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ওপর অস্বাভাবিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে ৫ হাজার ইউরোর বেশি হাতিয়ে নেন এবং অবৈধভাবে ১১ হাজার ৬৪৬ ইউরোর বেশি উপার্জন করেন। এর বাইরেও আরও বহু মানুষ তার প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন বলে তদন্তকারীরা আশঙ্কা করছেন।

গ্রেপ্তারের সময় অসুস্থতার অজুহাত দেখিয়ে হাসপাতালে গেলেও পরে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন জানালে প্রসিকিউশন তীব্র বিরোধিতা করে। রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়, বাংলাদেশি কমিউনিটিতে ইস্তিয়াকের ব্যাপক প্রভাব রয়েছে, জামিন পেলে তিনি ভুক্তভোগী ও সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে তদন্ত প্রভাবিত করতে পারেন।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অ্যাবিগেইল ক্রিতিয়েন জামিন আবেদন নাকচ করে ইস্তিয়াককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আদালত ভুক্তভোগীদের নিরাপত্তায় সুরক্ষা আদেশ জারি করেছেন।

সূত্র: মাল্টা টু ডে
ইত্তেফাক/আইএ