অনুমতি ছাড়া ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করে মাছ ধরার অভিযোগে সৌদি আরবের মক্কা প্রদেশের আল-লাইথ এলাকা থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করায় তাদের সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ জিনিস পাওয়া যায়।
সৌদির সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাদের পেছনে থাকা টেবিলে মাছ ধরার জাল রাখা আছে।
সীমান্তরক্ষী বাহিনী সবাইকে সৌদির সামুদ্রিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যদি কাউকে অনুমতি ছাড়া মাছ ধরতে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছে।
যারা তথ্য দেবেন তাদের পরিচয় অত্যন্ত গোপন রাখা হবে বলেও উল্লেখ করেছে এ বাহিনী।
সূত্র: সৌদি গ্যাজেট

