বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বলা হয় ‘গভর্নমেন্ট ফর দ্যা পিপল অফ দ্যা পিপল’। কিন্তু, এই সরকার হয়ে গেছে এখন ‘অফ দ্যা লুটেরাজ ফর দ্যা লুটেরাজ বাই দ্যা লুটেরাজ’। দেশের সর্বত্র লুটপাট চলছে। লুটপাটতন্ত্র কায়েম করেছে সরকার। মির্জা ফখরুল বলেন, টিআর কাবিখা থেকে শুরু করে একেবারে মেগা প্রজেক্ট পর্যন্ত সব জায়গায় ভাগ-বাটোয়ারা চলছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থি গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনালিস্ট রিসার্স সেন্টার আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. টিএস আইয়ুব।
ফখরুল বলেন, বর্তমানে যে চামড়ার ওপরে আমাদের দরিদ্র এতিম সন্তানেরা নির্ভরশীল কিন্তু, একটা সিন্ডিকেটের মাধ্যমে অত্যন্ত সুচারুরূপে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, জানি না কত দূর সত্য, শুনতে পারলাম মেগাপ্রকল্প মেট্রোরেল ও এলিভেটেট এক্সপ্রেসওয়ের টিকিটিং ব্যবস্থাপনার দায়িত্বও ক্ষমতাসীন দলের লোকদের দেওয়া হচ্ছে। স্ট্যান্ডগুলো তাদের একেক জন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। বিদেশিদের নাকি বাধ্য করা হয়েছে, টিকিটের দায়িত্ব সরকারদলীয় লোকজনদের দিতে। এই যদি অবস্থা হয়, তা হলে এটি লুটপাট ছাড়া আর কিছু নয়। এমতাবস্থায় দেশ বাঁচাতে দেশপ্রেমিক নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া কোনো পথ নেই। অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তার জামিনে বাধা দেওয়া হচ্ছে। দেশ বাঁচাতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশের সংকট উত্তরণের জন্য সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য প্রথম প্রয়োজন নির্বাচন কমিশন ভেঙে দেওয়া এবং নির্বাচনী সময়ের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। যাদের কাজ হবে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা।
