স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের ব্যর্থতার পর এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছেন তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে জাপানের এক শহর থেকে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানার মুখে পড়তে হচ্ছে।
এশিয়ান গেমস চলাকালে টিম ম্যানেজমেন্টের অনুমতি কিংবা অবগতির বাইরে ভ্রমণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নজরে আসার পর তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, নিয়ম ভঙ্গের কারণে প্রত্যেক ক্রিকেটারকে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে বিসিবি এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠাকিভাবে কিছু জানায়নি।
এশিয়ান গেমসে বাংলাদেশ দল এবার স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে গিয়েছিল। পুরুষ দলের পাশাপাশি নারী দলও ভালো ফলের প্রত্যাশা নিয়ে অংশ নেয়; কিন্তু শেষ পর্যন্ত পুরুষ দলও প্রত্যাশিত সাফল্য পায়নি, নারী দলও পদক জিততে পারেনি। ফলে মাঠের ফল নিয়ে হতাশার মধ্যেই তিন ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
