ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে থার্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার দেওয়া এক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
শনিবার (৩ অক্টোবর) ম্যাচের ৩০তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। ৩৫২ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজ। নামান ধীরের বলে শেরফানে রাদারফোর্ড কাট করতে চেয়েছিলেন। কিন্তু লোকেশ রাহুল বল লুফে নেন এবং কট বিহাইন্ডের আবেদন করেন। অনফিল্ড আম্পায়ার আঙুল তোলেন। দ্রুত বাঁহাতি ব্যাটার রিভিউ নেন।
রিপ্লেতে বল ব্যাট অতিক্রম করার সময় স্পাইক ধরা পড়ে। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু রাদারফোর্ড এই রায়ে সন্তুষ্ট হননি। চোখেমুখে ছিল বিস্ময়। আম্পায়ারের কাছে এই সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সৈকতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। সাংবাদিক বিক্রান্ত গুপ্ত এক্সে লিখেছেন, ‘রাদারফোর্ড আউট ছিলেন না। টিভি আম্পায়ার কীভাবে বল আর ব্যাটের এজের মধ্যে কোনো ফাঁক দেখেননি, তা আমি বুঝতে পারছি না—যেখানে একই টিভিতে আমরা সবাই স্পষ্ট দেখেছি, সেখানে ফাঁক ছিল। স্নিকোতে যে শব্দটি ধরা পড়েছিল, সেটি ছিল ব্যাট প্যাডে লাগার। বাজে সিদ্ধান্ত।’
রাদারফোর্ডের আউট নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচে দারুণ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায়। এ জয়ে সিরিজে হোয়াইটওয়াশ এড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
