টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে যুবক আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ওই অভিযান চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পারি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

 

 
ইত্তেফাক/এসএ