মায়ের পরামর্শেই পিসিবি থেকে দূরে আছেন শোয়েব আখতার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:০৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় ধরনের রদবদলের গুঞ্জন চলছে। এরই মাঝে আলোচনায় আসেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে’ প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যমে।

তবে শোয়েব আখতার জানিয়েছেন, পিসিবির কোনো দায়িত্ব নেওয়ারই আগ্রহ নেই তার। আর এর পেছনে বহু বছর আগের মায়ের দেওয়া একটি পরামর্শও এখনও মেনে চলছেন তিনি।

পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে প্রধান নির্বাচক হওয়ার চলমান গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় শোয়েবকে। জবাবে তিনি বলেন, 'এমন কিছুই নেই। যা বলা হচ্ছে, সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যের ওপরই আছি। আমার মা আমাকে পিসিবি থেকে দূরে থাকতে বলেছিলেন এবং সেই পরামর্শই মেনে চলবো।'

তিনি আরও বলেন, 'এসব দাবির কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমি মোটেও আগ্রহী নই। আমি আমার বক্তব্যের ওপরই অটল আছি। প্রধান নির্বাচক হওয়ার খবর আমিও শুনছি। কিন্তু এসব পুরোপুরি ভুয়া, এর কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।' 

বোর্ডের আনুষ্ঠানিক পদে না থেকেও দেশের ক্রিকেটের পাশে থাকার অনেক সুযোগ আছে বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, 'আমি পাকিস্তান ক্রিকেটকে সেবা করতে চাই। তবে আমি মনে করি, অন্য অনেকভাবেই সেটা করা সম্ভব। এর জন্য আনুষ্ঠানিকভাবে পিসিবির সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।'

ইত্তেফাক/জেডএইচ