দাওরায়ে হাদিস পরীক্ষার ফি ও সময়সূচি ঘোষণা, পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:৫২

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। বিলম্ব ফি ছাড়া ফি জমার শেষ সময় ১ নভেম্বর। পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

রোববার (৪ অক্টোবর) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হারে ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে ২ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।

দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি শেষ হবে। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময়সূচির ক্ষেত্রে ইংরেজি তারিখই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সব দাওরায়ে হাদিস (তাকমিল) মাদরাসা এবং নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পরীক্ষার ফি শুধু আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। ফি পরিশোধে নগদ ও ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদরাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে। সেখানে নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ অপশন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজনের ফি জমা দিতে হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পেমেন্টের বিস্তারিত তথ্যের পৃষ্ঠা থেকে পছন্দের মাধ্যম নির্বাচন করে ফি পরিশোধ করা যাবে।

দাওরায়ে হাদিস (তাকমিল) কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর। ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে আল-হাইআতুল উলয়ার অধীন এ স্তরের সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়া হয়।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে আল-হাইআতুল উলয়া। বিস্তারিত তথ্যের জন্য আল-হাইআতুল উলয়ার সফটওয়্যার অথবা ০৯৬১১-৬৩৪৭৩৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

ইত্তেফাক/এমএএম