রোড সেফটি ফাউন্ডেশন

সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৭

সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন।  এ হিসেবে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৪ জন। নিহত ব্যক্তির মধ্যে নারী ৭৩ জন, শিশু ৬১টি। এর বাইরে বিদায়ী মাসটিতে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। আর ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের ‘সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে’ এই চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন গণমাধ্যম, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। শুধু রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৩৮ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বাস এক্সিডেন্ট

সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মোটরসাইকেল দুর্ঘটনার হার মোট ঘটনার ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এসব ঘটনায় মারা গেছেন ১৩৯ জন। এ ছাড়া ২৬ জন বাসের যাত্রী, ১৯ জন ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রলি আরোহী, ২১ জন মাইক্রোবাস-প্রাইভেট কার-অ্যাম্বুলেন্স-জিপ আরোহী, ৮৮ জন অটোরিকশা-অটোভ্যান-ইজিবাইক-সিএনজি-লেগুনার যাত্রী, ১৮ জন নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটমের যাত্রী ও ছয়জন বাইসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনার ৩৩ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে। আঞ্চলিক সড়কে ৪০ শতাংশ, ১৩ শতাংশ গ্রামীণ সড়কে ও ১৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে শহরের সড়কে।


 

ইত্তেফাক/এনএ