এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে এক লাখ টাকা পুরস্কার পেলেন জিন্নাত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:২১

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই অ্যাথলেটকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে জিন্নাতকে নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরে জিন্নাতের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কারের অর্থ।

১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন বাংলাদেশের মোশাররফ হোসেন। এরপর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে দীর্ঘ ৪০ বছর পদকের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে জিন্নাতের হাত ধরে দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ। 

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন নজির গড়েছেন জিন্নাত। সংবর্ধনা অনুষ্ঠানে জিন্নাতের কৃতিত্বের প্রশংসা করা হয়। ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও তার কাছ থেকে আরও ভালো ফল পাওয়ার প্রত্যাশা জানানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ