২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের হার দিয়ে সিরিজ শেষ করেছে ভারত। তবে পরাজয়ের এই ম্যাচেও ২২ বছরের পুরনো এক বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা।

ক্যারিবীয়দের বিপক্ষে ৯২ রানের এক অনবদ্য ইনিংস খেলার পথেই ওয়ানডে ইতিহাসের দ্রুততম ওপেনার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর তাতেই ভেঙে যায় ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের দীর্ঘ দুই দশকের পুরোনো এক কীর্তি।

এই মাইলফলকে পৌঁছতে রোহিতের লেগেছে ২০২ ম্যাচ। শচীনের লেগেছিল ২১৪, শচীনের চেয়ে ১২ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়লেন রোহিত। এর সঙ্গে এক দিনের ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার হলেন রোহিত।

এই তালিকায় রোহিতের আগে ছিলেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনো ভারতীয় ব্যাটিং মাস্টার শচীনের। ৩৪০ ইনিংসে তার রান ১৫ হাজার ৩১০। জয়সূর্যের ৩৮৩ ইনিংসে ১২হাজার ৭৪০ রান এবং গেইলের ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।

ইত্তেফাক/এসএইচ