চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা। ছয়টি বিভাগে ছয় দিনে এ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আজ বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে বিজয়ীদের নাম সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হবে। আর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে।
প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থ থেকে এ পুরস্কার দেওয়া হয়। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল। তবে অর্থনীতিতে পুরস্কারের কথা সেখানে ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব সুইডেনের উদ্যোগে অর্থনীতিতে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে নোবেল পুরস্কারের অন্যান্য বিভাগের সঙ্গে একই সময়ে অর্থনীতির পুরস্কারও ঘোষণা ও প্রদান করা হচ্ছে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের সঙ্গে থাকবে অর্থ, মানপত্র ও স্বর্ণপদক। এ বছর প্রতি বিষয়ে পুরস্কারের অর্থমূল্য ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনার। কোনো বিভাগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজয়ী হলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
