৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২০:০০

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক—এই ১৯টি ব্যাংক তাদের সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে গ্রাহকদের কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট ব্যাংকগুলোর কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই সময় বন্ধ থাকবে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন, কার্ডের মাধ্যমে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে লেনদেন ও এনপিএসবি ও ই-কমার্স লেনদেন।

সিস্টেম মাইগ্রেশনের নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরপরই এসব সেবা পুনরায় স্বাভাবিক হবে বলে ব্যাংকগুলো জানিয়েছে। সেবা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ইত্তেফাক/এএম