পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা আজ, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪
২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেওয়া হবে।

নোবেল কমিটির চূড়ান্ত বাছাই প্রক্রিয়া অত্যন্ত গোপনীয় হওয়ায় ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত নিশ্চিতভাবে কারও নাম জানার উপায় থাকে না। তবে গবেষণার গুরুত্ব এবং ইতিপূর্বে উলফ প্রাইজ কিংবা ব্রেকথ্রু প্রাইজের মতো বড় আন্তর্জাতিক বৈজ্ঞানিক স্বীকৃতি পাওয়া বিজ্ঞানীদের কাজকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নানা জল্পনা চলছে।

চলতি বছর পদার্থবিজ্ঞানের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, জ্যোতির্পদার্থবিজ্ঞান ও কনডেনসড ম্যাটার ফিজিক্স বিশেষভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে ‘আহারোনভ-বোহম ইফেক্ট’ ও ‘বেরি ফেজ’ নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য পদার্থবিদ ইয়াকির আহারোনভ ও মাইকেল বেরির নাম সম্ভাব্য তালিকায় বেশ জোরালোভাবে রয়েছে; এই জুটি ১৯৯৮ সালে উলফ প্রাইজ লাভ করেছিলেন।

পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটিং ও উচ্চশক্তির মহাকাশবিজ্ঞানের ক্ষেত্রগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। এছাড়া সময় পরিমাপে অতি-নির্ভুল ‘অপটিক্যাল পারমাণবিক ঘড়ি’ উদ্ভাবনে অনন্য অবদানের জন্য ২০২৬ সালের উলফ প্রাইজ বিজয়ী জুন ইয়ের নামও সম্ভাব্যদের আলোচনায় উঠে এসেছে।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোন গবেষণা ও কোন বিজ্ঞানীরা এ বছরের পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ সম্মাননা অর্জন করছেন, তা স্টকহোম থেকে সরাসরি আনুষ্ঠানিক ঘোষণার পরই স্পষ্ট হবে।
 
ইত্তেফাক/আইএ