গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরায়েল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় ধসের চরম ঝুঁকিতে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক গোপন মূল্যায়নে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ড্রপ সাইট নিউজের বরাতে আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ বা ‘ভিতর থেকে ভাঙন’ শীর্ষক এই গোপনীয় মূল্যায়নে বলা হয়েছে যে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে ঘিরে দেশটি এক চরম অস্থিরতার মুখোমুখি। সিআইএ-এর রেড সেল নামের একটি বিশেষ ইউনিট গত আগস্টে প্রতিবেদনটি তৈরি করে। ড্রপ সাইট নিউজ এই বিষয়ে সিআইএ-এর বক্তব্য চাইলেও সংস্থাটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মূল্যায়নে দেখা যায়, অর্থনৈতিক চাপ, ক্রমাগত সামরিক ব্যয় বৃদ্ধি, চরম অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতির কারণে সাধারণ জনগণের ক্ষোভ এবং অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের সহিংসতার ঘটনা বৃদ্ধি সংঘাতকে আরও উসকে দিচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার লড়াই দেশটিতে আরও গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে।

গাজা, লেবানন ও ইরানে বছরের পর বছর চলা যুদ্ধের কারণে দীর্ঘ সামরিক ডিউটি শেষে ফেরা সেনাদের মধ্যে মারাত্মক মানসিক আঘাত পরিলক্ষিত হচ্ছে, যা অভ্যন্তরীণ বিভাজনকে আরও বাড়িয়ে দিয়েছে। বারবার রিজার্ভ বাহিনীকে যুদ্ধে তলব করায় ক্ষোভ বাড়লেও অর্থোডক্সদের সেনাসেবা এড়ানোর সুযোগ সামাজিক অস্থিরতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রে সমর্থন হ্রাসসহ বৈশ্বিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান একঘরে হয়ে পড়াও এই অস্থিরতা আরও তীব্র করতে পারে বলে সিআইএ মনে করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ