সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের আকাশে ওড়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবস্থা ঘোষণা করার পর উধাও হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কল সাইন ভিভিএইচআর৫১২ চালিত সিকোরস্কি এমএইচ-৬০আর সিহক নামের মার্কিন নৌবাহিনীর ওই হেলিকপ্টারটি সোমবার পূর্বঞ্চলীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে আপদকালীন জরুরি সংকেত দেয়। সংকেত দেওয়ার সময় বিমানটি প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় উড়ছিল। এরপর ট্র্যাকিং সার্ভিসে সেটির প্রদর্শিত উচ্চতা শূন্যে নেমে আসে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জরুরি পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ কিংবা বিমানটিতে থাকা ক্রু ও হেলিকপ্টারটির বর্তমান অবস্থা সম্পর্কে সোমবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু প্রতিবেদনে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে দাবি করা হলেও, মার্কিন প্রতিরক্ষা বা সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
