লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচ। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পশ্চিম আফ্রিকার তুলনামূলক অপরিচিত দল বেনিন। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে নামার আগে তাই আলোচনায় উঠে এসেছে আফ্রিকার এই দলটি।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা যেখানে দ্বিতীয়, সেখানে বেনিনের অবস্থান ৯৩ নম্বরে। দুই দলের মধ্যে র্যাঙ্কিংয়ের ব্যবধান ৯১ ধাপ। বিশ্ব ফুটবলে নামের ভারে অনেক পিছিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বেনিন।
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে বুর্কিনা ফাসোর সঙ্গে ড্র করেছে তারা। মৌরিতানিয়াকে হারিয়েছে ২-১ গোলে। শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে হেরেছে দলটি। শক্ত রক্ষণ ও দ্রুত আক্রমণে সুযোগ কাজে লাগানোর কৌশলই বেনিনের সাম্প্রতিক সাফল্যের অন্যতম ভিত্তি।
আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলের দেশ বেনিন। আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো সাফল্য না থাকলেও সাম্প্রতিক সময়ে দলটি নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এবার তাদের সামনে আরও বড় এক মঞ্চ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচ।
ম্যাচটির সঙ্গে বেনিন কোচ জেরনোট রোরেরও ব্যক্তিগত একটি গল্প জড়িয়ে আছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার কোচ ছিলেন রোর। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়া ২-১ গোলে হেরেছিল। ম্যাচে মেসির গোলের পর তার ১০ নম্বর জার্সি সংগ্রহ করেছিলেন রোর। তবে জার্সিটিতে মেসির অটোগ্রাফ নেওয়া হয়নি তার।
বহু বছর পর আবার মেসির মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছেন রোর। এবার সেই অপূর্ণতা পূরণের সুযোগও রয়েছে তার সামনে। আর বেনিনের সামনে সুযোগ বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার বিদায়ী ম্যাচে নিজেদের নামটিও স্মরণীয় করে রাখার।
