মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২০:৩৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গিমাডাঙ্গা ও গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত এই সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন এবং কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেল থেকে কিছু যন্ত্রাংশ চুরি হয়। টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করার দাবি করার পর থেকেই এলাকায় উত্তেজনা শুরু হয়।

মঙ্গলবার প্রথমে টুঙ্গিপাড়া কলেজ এলাকায় এবং পরে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও গোপালগঞ্জ থেকে আসা বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে নিজ নিজ এলাকায় ফিরিয়ে দেয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ শান্ত রয়েছে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএম