বিএনপি নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন সংস্কারের পরিবর্তে সংশোধনে বেশি মনোযোগী বলে মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল।
তিনি বলেন, সরকার এখন আর সংস্কার চাচ্ছে না। বিএনপি এখন সংশোধন চায়, সংস্কার চায় না। অথচ সংস্কারের পক্ষে ‘গণভোটে হ্যাঁ’-তে ভোট চেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। এখন সরকার গঠন করে তারা সেই প্রতিশ্রুতি ভুলে গেছে। সব জায়গায় দলীয়করণ সিস্টেমে দেশ চালাচ্ছে বিএনপি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুবুর রহমান বেলাল বলেন, শহীদ আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমদের সঙ্গে, এদেশের তরুণদের সঙ্গে, জাতির সঙ্গের প্রতারণা করেছে বিএনপি। তাদের কথা ও কাজে মিল নেই। সংবিধানের দোহাই দিয়ে এখন বিএনপি যা করছে, তার জবাব একদিন পেতে হবে। আমরা বারবার বলে আসছি-সংস্কার হবে দেশের স্বার্থে, কোনো দলের বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়।
তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯১টি বিল আকারে উত্থাপনের মাধ্যমে সংসদে এক ধরনের প্রতারণা করেছে। জাতির সাথে করা এই চরম বিশ্বাসঘাতকতার ফল তাদের ভোগ করতে হবে। দলীয়করণে আওয়ামী লীগকেও বিএনপি ছাড়িয়ে যাচ্ছে। এটা দেশের জন্য অশনি-সংকেত।
