রোনালদোর বিবৃতি পড়ার সময় পাননি পর্তুগাল কোচ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৯:০৮

নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে আচমকা পর্তুগাল দল ছাড়ার নেপথ্য কাহিনী অবশেষে প্রকাশ্যে এনেছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বিরতি পার হয়ে গেলেও কোচ জর্জে জেসুসের সাথে তাঁর এই সংঘাতের রেশ এখনো কাটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ৫ পাতার দীর্ঘ বিবৃতিতে নরওয়ে ম্যাচে তাকে না খেলানো এবং পরবর্তী সংবাদ সম্মেলন নিয়ে কোচের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কথা খোলসা করেছেন রোনালদো।

রোনালদোর দাবি, নরওয়ের বিপক্ষে ম্যাচে জেসুস তাকে প্রায় ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। সেই অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠে নামার প্রস্তুতিও নেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে খেলানো হয়নি। বিষয়টি নিয়ে হতাশ রোনালদো কোচের সঙ্গে পরে কথা বলেন এবং সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করার ব্যাপারে সমঝোতা হয়েছিল বলেও জানান।

কিন্তু রোনালদোর ভাষ্য অনুযায়ী, জেসুস সংবাদ সম্মেলনে সেই অবস্থান তুলে ধরেননি। বরং তার প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো। একই সঙ্গে নিজের এই সিদ্ধান্তকেও ভুল বলে স্বীকার করেন তিনি এবং প্রয়োজনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শাস্তি মেনে নেওয়ার কথা জানান। 

তবে জাতীয় দল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন রোনালদো। শারীরিকভাবে ফিট থাকা এবং ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করতে পারলে নিষেধাজ্ঞা শেষে আবারও পর্তুগালের হয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোনালদোর এমন বিস্তৃত বক্তব্যের পর জেসুসের প্রতিক্রিয়া জানতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির সামনে ভিড় করেন সাংবাদিকরা। তবে পর্তুগাল কোচ জানান, তিনি এখনো রোনালদোর বিবৃতিটি পড়েননি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘আমি পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। এটা পড়ার সময় আমার হয়নি।’

ইত্তেফাক/এসএইচ