রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের আদালতকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। তাই বিচারপতি, মামলা পরিচালনাকারী আইনজীবী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে প্রবেশের সময় প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এতে সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আবশ্যিকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
