অর্পিতা চরিত্রের জন্য প্রশংসিত

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:১৯

ভালো গল্পের সিনেমা যে এখনো দর্শক আগ্রহ নিয়ে হলে গিয়ে দেখেন, তারই যেন প্রমাণ মিলেছে গত ঈদে মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার ক্ষেত্রে। এই সিনেমায় নারী সংগঠন আলোর প্রধান অর্পিতা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন এই সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। গত ১২ আগস্ট ঈদের দিনে সারা দেশের অনেকগুলো হলে মুক্তি পায় শাকিব খান ও বুবলী জুটির সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না’। বাংলাদেশের বর্তমান সমাজের অবক্ষয়ের গল্পের ওপর নির্মিত এই সিনেমার গল্পই মূলত দর্শককে হলমুখী হতে বাধ্য করছে। যথারীতি শাকিব খানের ব্যারিস্টার স্বাধীন চরিত্রে অভিনয় প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এবারই প্রথম একেবারে আলাদা একটি চরিত্র অর্পিতারূপে পর্দায় উপস্থিত হয়ে বুবলী তার অনবদ্য অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হচ্ছেন। শুধু দর্শকেরই প্রশংসাই নয়, সহশিল্পী থেকে শুরু করে প্রযোজক, পরিচালক ও সিনেমার অন্যান্য কলাকুশলীও সিনেমাটিতে বুবলীর সাবলীল উপস্থিতি প্রসঙ্গে প্রশংসা করছেন। সিনেমাটিতে নারী সংগঠনের প্রধান হিসেবে তার ব্যক্তিত্বসম্পন্ন উপস্থিতিই দর্শকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করছে। দৃশ্য থেকে দৃশ্যান্তরে শাড়ি পরিহিত বুবলীর মাঝে কিছু কিছু সময় যেন কিছুটা হলেও শাবানার ছায়াও পরিলক্ষিত হয়। আর তাতেই যেন নিজের ভেতর তৃপ্তি অনুভব করছেন বুবলী। একের পর এক ভালো ভালো গল্পের সিনেমায় অভিনয় করে বুবলী নিজেকে একজন পরিণত অভিনেত্রী হিসেবেই গড়ে তুলতে চাইছেন। শবনম ইয়াসমীন বুবলী বলেন, ‘ঈদের দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। কোরবানির ঈদে সাধারণত দর্শক একটু বেশিই ব্যস্ত থাকেন। তাছাড়া এবারের বন্যা, বৃষ্টি, ডেঙ্গুর পরিস্থিতি স্বাভাবিক ছিল না। কিন্তু তারপরও সব প্রতিকূলতা পেরিয়ে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখছেন, এটাই আমাদের জন্য আনন্দের। এই সিনেমাটি সমাজের কথা বলছে, দেশের কথা বলছে, আমাদের সবার কথা বলছে। যারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন, তারা আবার অন্যকেও দেখার জন্য উত্সাহ দিচ্ছেন। আমি, আমরা সবাই দর্শকের প্রতি কৃতজ্ঞ।’ বুবলী আরো বলেন, ‘ভালো গল্পের সিনেমায় কাজ করারই আগ্রহ আমার। গল্প ও চরিত্র বুঝে সময় নিয়েই প্রস্তুতি নিই। চরিত্রটি নিজের মধ্যে লালন করে, ধারণ করে শুটিংয়ের পুরো সময়টা তাতেই মগ্ন থেকে অভিনয় করি।’ এদিকে শিগগিরই শুরু হতে যাচ্ছে বুবলীর নতুন সিনেমা ‘বীর’। এছাড়াও আরো কয়েকটি সিনেমাতে কাজ করার প্রাথমিক কথাবার্তা চলছে বলে জানালেন তিনি।