লাক্সতারকা মৌসুমী হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন। কাজী নজরুল ইসলামের ‘বাদলও বরিষণে’র ছায়া অবলম্বনে মৌসুমী হামিদ অভিনয় করেছেন ‘কালো হরিণ চোখ’ নাটকে। নাটকে মৌসুমী হামিদ অভিনয় করেছেন কাজরী চরিত্রে। এরইমধ্যে নাটকটির কাজ শেষ হয়েছে। নাট্যরূপ দিয়েছেন বিষ্ণু এবং নির্মাণ করেছেন সীমান্ত সজল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এবারের ঈদে আমার অভিনীত যে নাটকগুলো প্রচারিত হয়েছে, এর মধ্যে বেশিরভাগ নাটকে কাজ করার জন্যই অভূতপূর্ব সাড়া পেয়েছি। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ যে, তারা আমার অভিনীত নাটকগুলো আগ্রহ নিয়ে দেখেছেন। আর ঈদের পরপরই আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘কালো হরিণ চোখ’ নাটকে কাজ করেছি। ধন্যবাদ পরিচালক সীমান্ত সজলকে আমাকে কাজরী নামক চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কাজরী চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ আগামী ২৯ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মাছরাঙ্গা টিভিতে ‘কালো হরিণ চোখ’ নাটকটি প্রচারিত হবে।
