বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৮

যারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের পুনরায় এ দেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না; প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এটি একটি ধারাবাহিক আইনি প্রক্রিয়া এবং দেশের আপামর জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার সেই পথেই অবিচলভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি বা হুমকির অবকাশ নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা সম্পূর্ণ নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

সভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/এনএন