কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে আক্তার মাঝি, তানভীর ও রুকন উদ্দিন নামে তিন স্থানীয় বাসিন্দাকে রাতের আঁধারে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে বুধবার বিকালে চকরিয়া আদালত চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবার ও এলাকাবাসী যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, মহেশখালী কোস্ট গার্ডের একটি টিম গভীর রাতে নিজ বাড়ি ও আশপাশের এলাকা থেকে ঐ তিন জনকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। ভুক্তভোগীদের পরিচয় তুলে ধরে তারা জানান, আটককৃত রুকন উদ্দিন একজন শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ভ্যানচালক, আক্তার আহমদও একজন শারীরিক প্রতিবন্ধী এবং তানভীর বদরখালী ডিগ্রি কলেজের নিয়মিত শিক্ষার্থী।
বিক্ষোভকালে বুদ্ধিপ্রতিবন্ধী রুকন উদ্দিনের তিন শিশু সন্তান উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে তাদের বাবার নিষ্পাপতা দাবি করে দ্রুত মুক্তির আকুতি জানায়।
সংহতি জানিয়ে বদরখালী কৃষি উপনিবেশ সমিতির পরিচালক অধ্যাপক বি এম কায়সার বলেন, এমন অসহায় ও সাধারণ লোকজনকে অস্ত্র মামলায় জড়ানোর ঘটনা পুরো বদরখালীবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এই সাজানো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন, কোস্ট গার্ডের অভিযানের বিষয়টি নিরপেক্ষভাবে পুনরায় তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে যেন অনতিবিলম্বে ঐ তিন জনকে সসম্মানে মুক্তি দেওয়া হয়।
