গুণী অভিনেতা ও নাট্যনির্মাতা মীর সাব্বির এবার নিজের নামেই ইউটিউব চ্যানেল খুললেন। গত কোরবানির ঈদের ঠিক আগের দিন মীর সাব্বির নামের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় মীর সাব্বিরের একটি স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে। অতঃপর সেদিনই তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটক ‘বাপ-বেটার কাপল টিকিট’। বরিশালের ভাষায় নির্মিত নাটকটি নির্মাণ করেছেন মীর সাব্বির। রচনাও করেছেন তিনি। নাটকটিতে বাপ-বেটার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও জামিল আহম্মেদ। আরো আছেন তানজিকা আমিন, শফিক খান দিলু, ওয়ালিউল হক রুমী প্রমুখ। এরইমধ্যে ১১ লাখের বেশি ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন। নিজের নামে ইউটিউব চ্যানেল প্রকাশ এবং নিজের চ্যানেলে নিজের নির্দেশিত নাটকের প্রতি দর্শকের আগ্রহ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মীর সাব্বির। মীর সাব্বির বলেন, ‘সত্যি বলতে কী, অনেক গল্প, অনেক ভাবনা নিয়ে নাটক নির্মাণের ইচ্ছে থাকে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে সেগুলো আর নির্মাণ করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও আমার নিজের মতো করে কিছু কাজ করারও ইচ্ছে ছিল বহুদিন ধরেই। নিজের মতো করে নাটকে মত প্রকাশেরও সুযোগ থাকবে এখন আমার ইউটিউব চ্যানেলে। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ যে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাদরে গ্রহণ করেছেন। আমার অভিনীত নাটক উপভোগ করছেন। সত্যি বলতে কী, আমরা তো শ্রম দিই দর্শকের জন্যই। দর্শকের ভালোলাগার মধ্যেই আমরা নিজেদের সফলতা খুঁজে পাই। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা মীর সাব্বির ইউটিউব চ্যানেলেটির সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে।’ তিনি আরো জানান, শুধুই নাটক নয়, নানা ধরনের ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানও তার চ্যানেলে প্রকাশিত হবে। মাত্র এক সপ্তাহেই মীর সাব্বির ইউটিউব চ্যানেলেটির সাবস্ক্রাইবার হয়েছে প্রায় ২৩ হাজার। মীর সাব্বির আশাবাদী এই চ্যানেলটিই একদিন দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। তার চ্যানেলে প্রকাশিত প্রথম নাটকটি কোনো চ্যানেলে প্রচারিত হয়নি। এই নাটক ছাড়াও তার চ্যানেলে প্রকাশিত হয়েছে মীর সাব্বির নির্মিত সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘মতলব’ ও খণ্ড নাটক ‘মুকুল কলেজ’। দুটি নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন তারই সহধর্মিণী ফারজানা চুমকী। এদিকে অক্টোবরের শেষপ্রান্তে মীর সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা ‘রাত জোড়া ফুল’। এটি সরকারি অনুদানে নির্মিত হবে। বর্তমানে চলছে শিল্পী নির্বাচনের কাজ। পাশাপাশি সিনেমাতে কে কে গান করবেন, কে সংগীত পরিচালনা করবেন, তা নিয়েও ব্যস্ত আছেন মীর সাব্বির।
