গত ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হয় নাটক ‘মধ্য রাতের সেবা’। এই নাটকের মাধ্যমে বৈশাখী টিভির মার্কেটিং ইনচার্জ রাশেদ সীমান্ত সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। নানা হাস্যরসে ভরপুর ‘মধ্য রাতের সেবা’ নাটকের চিত্রনাট্য। নাটকটি যারা দেখেছেন, নাটকের শেষদৃশ্যে এসে তারা কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। অঝর ধারায় দুচোখের জল ফেলেছেন। বেশ কয়েকজন নাট্যপরিচালকসহ অসংখ্য দর্শক নাটকের শেষ দৃশ্যের ফুটেজটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করেন। এতেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে যায়। একদিনেই এর ভিউয়ার্স সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে গেছে। আর শেয়ারের সংখ্যা প্রায় ৩০ হাজার। দর্শকদের হাজার হাজার মন্তব্য সত্যিই হূদয় ছোঁয়া। মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মার অসাধারণ চিত্রনাট্য এবং রাশেদ সীমান্তর নজরকাড়া অভিনয়ের প্রশংসা করছেন সবাই। জিয়াউর রহমান জিয়া পরিচালিত এ নাটকে রাশেদ সীমান্তর সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্ষা।
বেনু শর্মা রচিত ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে গত বছর আগে মিডিয়ায় অভিষেক রাশেদ সীমান্তর। এ পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা ৯টি। মধ্য রাতের সেবা ছাড়াও এবার ঈদে বৈশাখী টিভিতে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ‘জামাই বাজার’ ও ‘ভাবির দোকান-২’ নাটক দুটিও ব্যাপক প্রশংসিত হয়েছে।
