ঝিনাইদহ কেসি কলেজে সভা-সমাবেশ বন্ধ ঘোষণা, ফটকের বাইরে শিবিরের নবীনবরণ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৩:৩৫
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রশিবির।

সকালে কলেজ প্রশাসন প্রধান ফটক তালাবদ্ধ করে দিলে সেখানে সতর্ক অবস্থান নেয় পুলিশ। এ সময় সড়কে একটি ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।

সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান কলেজ কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ‘প্রথমে নবীনবরণের অনুমতি দিয়েও অনুষ্ঠানের দিন কলেজ বন্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রশাসন পক্ষপাতদুষ্ট ও স্বৈরাচারী আচরণ করেছে। এই আচরণের জন্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে জবাবদিহি করতে হবে।’ একই সঙ্গে সমাবেশ থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অবিলম্বে পদত্যাগ দাবি করেন বক্তারা।

পরবর্তীতে কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সেখানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এদিকে ক্যাম্পাসে হঠাৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও ফটক বন্ধের বিষয়ে জানতে সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. মাসরুর উল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/আইএ