রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৪:০০

‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে রোলারের চাপায় এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, গুইমারা সেক্টরের অধীন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও নেশাজাতীয় ওষুধ রয়েছে। এছাড়া বিদেশি সিগারেট ও দেশীয় চোলাই মদও ছিল।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাজেদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মঈনুল আলম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ।

 

ইত্তেফাক/এসজে