‘গুড বয়েজ’-এর ব্যাড গার্ল

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:২৪

সিক্সথ গ্রেডে পড়ুয়া তিন কিশোর স্কুল পালিয়ে অজানার উদ্দেশে যাত্রা করে। দুর্ঘটনাবশত তারা সঙ্গে কিছু চুরি করা মাদক বহন করছিল। আর এ খবর ঘটনাচক্রে একদল তরুণী জেনে যায় এবং স্কুল পালানো তিন কিশোরের পিছু নেয়। তারা যেকোনোভাবে তিন কিশোরের কাছ থেকে মাদকদ্রব্যগুলো হাতিয়ে নিতে চায়। এ নিয়ে শুরু হয় নানা ছলচাতুরি, টালবাহানা। এক পর্যায়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এমন গল্পের মজার এক হলিউডি সিনেমা ‘গুড বয়েজ’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ‘গুড বয়েজ’ ছবিটি বেশ দর্শক টানতে সক্ষম হয়েছে। হলিউডি এ ছবিতে মাদক দ্রব্যগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত তরুণীদের মধ্যে একজন ‘হান্না’। এ চরিত্রে অভিনয় করেছেন হলিউডি অভিনেত্রী মলি গর্ডন। ২৪ বছর বয়সী এই সুন্দরী আলোচিত টিভি ড্রামা সিরিজ ‘লাইফ অব দ্য পার্টি’তে ‘ম্যাড’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। এ বছর তার অভিনীত আরো একটি সাড়া জাগানো সিনেমা ‘বুকস্মার্ট’ মুক্তি পেয়েছে। যেখানে তাকে ‘ট্রিপল এ’ চরিত্রে দেখা গেছে। তবে হালে ‘গুড বয়েজ’ ছবিতে অভিনয় করে আরেক দফা আলোড়ন তুলেছেন মলি গর্ডন। হান্না চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় সববয়সী দর্শকের হূদয়ে ঢেউ তুলেছে। আর এর মাধ্যমে হলিউডে নিজেকে বেশ অনেকটা এগিয়ে নিতে সক্ষম হবেন মলি—এ কথা নির্দ্বিধায় বলা যায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তার বিচরণ অব্যাহত রয়েছে। ‘সিন সিটি সেইন্টস’ সিরিজের একটি এপিসোড ‘বিকজ ভেগাস’-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয়ের সূচনা হয়েছিল। সেখানে ‘মেগান’ চরিত্রে তাকে দেখা গেছে। এরপর ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’, ‘অ্যানিমেল কিংডম’, ‘আওয়ার কার্টুন প্রেসিডেন্ট’ ও ‘র্যামি’ সিরিজে দেখা গেছে মলি গর্ডনকে। লস অ্যাঞ্জেলসে তার জন্ম এবং বেড়ে ওঠা। তার বাবা-মা দুজনই পরিচালনা-নির্দেশনার কাজে সম্পৃক্ত ছিলেন। ইহুদি পরিবারের মেয়েটি খুব ছোটবেলা থেকেই লস অ্যাঞ্জেলসে মঞ্চ নাটকে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত থাকায় অভিনেত্রী হিসেবে তার বিকশিত হওয়াটা অনেক সহজ হয়েছিল। স্যাট পরীক্ষায় অকৃতকার্য হলেও মিলি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়েছেন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি নানা কারণে। মলি গর্ডন অভিনীত হলিউডি সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আই অ্যাম স্যাম’, ‘বিউইচড’, ‘ইথাকা’, ‘লাভ দ্য কুপারস’, ‘লাইফ অব দ্য পার্টি’, ‘ব্রক স্মার্ট’, ‘গুড বয়েজ’ প্রভৃতি। ‘গুড বয়েজ’ ছবিটি হলিউডে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছেন হলিউডের অনেক চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচক। মলি নিজেও তার অভিনীত কমেডি ধাঁচের ছবিটি নিয়ে শুরু থেকেই অনেকটা আশাবাদী।