শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, সহশিক্ষা কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই, নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এজন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না বরং সহশিক্ষা কার্যক্রমেও নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ দল আরও বড় সাফল্য অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে, গত ৪ থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৯৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশ দল একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।
