মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড ট্যাফটের মেয়াদকালে হোয়াইট হাউসে নিয়মিত দুধ সরবরাহের জন্য 'পলিন ওয়েইন' নামের একটি বিশেষ গাভী লালন-পালন করা হতো, যা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রিপলি'স বিলিভ ইট অর নট-এর এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে এই ঘটনাটি পুনরায় আলোচনায় এসেছে।
ট্যাফট প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে 'মুলি উলি' নামের একটি গাভী হোয়াইট হাউসে আনা হয়, তবে অতিরিক্ত ওট খাওয়ার কারণে সেটি মারা গেলে উইসকনসিনের খাঁটি হোলস্টাইন-ফ্রিজিয়ান জাতের পলিন ওয়েইনকে আনা হয়। পলিন প্রতিদিন প্রায় আট গ্যালন দুধ দিত, যা ফার্স্ট লেডির পরিবারের চাহি মেটানোর পাশাপাশি হোয়াইট হাউসের অতিথিদের কাছে প্রতি বোতল ৫০ সেন্টে বিক্রি করা হতো।
পলিন ওয়েইন অল্প দিনেই বেশ নাম কুড়ায় এবং ন্যাশনাল জার্নাল মাত্র দুই বছরে তাকে নিয়ে ২০টি প্রতিবেদন প্রকাশ করে। বিভিন্ন ডেইরি প্রদর্শনীতেও প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে পলিনকে পাঠানো হতো। তবে একবার ভ্রমণের সময় ট্রেন থেকে হারিয়ে গিয়ে কসাইখানায় পৌঁছে গিয়েছিল গাভীটি, সেখান থেকে দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী তাকে উদ্ধার করা হয়।
প্রেসিডেন্টের এই গাভীর জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে এক শিক্ষক গোপনে হোয়াইট হাউসের লনে ঢুকে পলিনের দুধ চুরি করেছিলেন। পরবর্তীতে বয়সজনিত কারণে পলিনকে অবসর দিয়ে উইসকনসিনের একটি খামারে পাঠানো হয় এবং তার গলার ঘণ্টাটি প্রেসিডেন্সিয়াল পেট মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে পলিন ওয়েইনই এখন পর্যন্ত হোয়াইট হাউসে দায়িত্ব পালন করা সর্বশেষ গাভী।
সূত্র: রিপলি'স বিলিভ ইট অর নট
