আরও একবার ফিফা সভাপতি হওয়ার পথে ইনফান্তিনো!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৪:০৫

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার দৌড়ে জিয়ান্নি ইনফান্তিনোর সামনে বড় একটি বাধা সরে গেছে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভিক্টর মন্তাগলিয়ানি ফিফা সভাপতি পদে নির্বাচনে না লড়ে কনকাকাফের নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ইনফান্তিনোর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কিছুটা সহজ হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সুইস নাগরিক ইনফান্তিনো গত মে মাসেই চতুর্থ মেয়াদে লড়ার ঘোষণা দেন। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি নিয়ে সাম্প্রতিক বিরোধ তার নির্বাচনী পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

কানাডার নাগরিক মন্তাগলিয়ানি দীর্ঘদিন ধরে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় ছিলেন। তবে কনকাকাফের কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি অঞ্চলটির ফুটবলের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। আগামী বছর কনকাকাফেরও সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ফিফার সভাপতি পদে লড়ার পরিবর্তে বর্তমান দায়িত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্তাগলিয়ানি সরে দাঁড়ালেও ইনফান্তিনোর নেতৃত্বের বিরোধিতা পুরোপুরি থেমে নেই। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার নেতৃত্বে পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি তুলেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফও ফিফার পরিচালনাপদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছে।

বিশেষ করে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার একটি প্রস্তাব ঘিরে বিতর্ক তৈরি হয়। পর্যাপ্ত আলোচনা ছাড়াই প্রস্তাবটি সামনে আনার অভিযোগ তুলে বিভিন্ন কনফেডারেশন আপত্তি জানায়। পরে ফিফা ওই পরিকল্পনা থেকে সরে আসে। এ ঘটনা ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও বাড়ায়।

উয়েফা বৃহস্পতিবার জানিয়েছে, তাদের ৫৫টি সদস্য দেশের মধ্যে আজারবাইজান ছাড়া বাকি দেশগুলো ফিফার সংস্কার প্রস্তাবের পক্ষে রয়েছে। সংস্থাটির মতে, শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, ফিফার নেতৃত্বেও পরিবর্তন প্রয়োজন।

এদিকে সাবেক সুইস ফুটবলার রামন ভেগা ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে মন্তাগলিয়ানি সরে দাঁড়ালেও ইনফান্তিনোর সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এমনটা বলা যাচ্ছে না। তবে প্রার্থিতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ভেগা পূরণ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। এর মধ্যে ইনফান্তিনোর বিরুদ্ধে আর কোনো শক্তিশালী প্রার্থী মাঠে নামেন কি না, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে ফিফার নেতৃত্ব ও পরিচালনব্যবস্থা নিয়ে চলমান বিরোধ নির্বাচনী পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, তা নিয়েও আগ্রহ রয়েছে।

ইত্তেফাক/এসজেএস