বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আগামীকাল শনিবার রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে লন্ডন থেকে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশে পৌঁছানোর পর মরদেহ প্রথমে তার বাসায় নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে শেষবারের মতো দেখবেন।
দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে রাখা হবে। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এর আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তৌফিক ইমরোজ খালিদীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
লন্ডনের জানাজায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তার ছেলে ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী।
তিনি বলেন, পেশাগত জীবনে তার বাবার কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি। তার বিশ্বাস ছিল, সাংবাদিকতা হতে হবে সৎ, নির্ভীক ও স্বাধীন। সাংবাদিকতা তার কাছে শুধু পেশা ছিল না; এটি ছিল দায়িত্ব ও ভালোবাসার জায়গা।
রাদ শারার খালিদী বলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবাকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই সময় যারা তার পাশে ছিলেন, তাদের ভালোবাসা, সাহস ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং ভালো কাজগুলো কবুল করেন।
তৌফিক ইমরোজ খালিদী ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে গত ১ অক্টোবর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
