‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৩৭

নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া।

বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক নতুন ফেসবুক পোস্টে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা. কেয়া লেখেন, ‘এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন।’ তার এ মন্তব্যের পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে সমালোচনা দেখা দেয়।

পরদিন দেওয়া পোস্টে আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ডা. কেয়া বলেন, তার মন্তব্যটি সব সাংবাদিককে উদ্দেশ্য করে ছিল না। শব্দচয়নে ভুল হওয়ায় এমন হয়েছে। 

পোস্টে তিনি লেখেন, ‘সকল সাংবাদিক ভাইদের বলছি, আমার পূর্বের পোস্টে ভুলবশত সকল সাংবাদিককে উদ্দেশ্য করে যে লেখাটা লিখেছি, সেটার জন্য দুঃখিত। শব্দচয়নে ভুলবশত এমন হয়েছে। আমার পোস্টের লেখাটা শুধু মাত্র গুটি কয়েক মানুষজনকে বলা, যারা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দিচ্ছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি নিশ্চয়ই সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাতে চাইনি।’

এর আগে চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন। এর পরই সাংবাদিকদের উদ্দেশে ওই ব্যঙ্গাত্মক মন্তব্য করেন ডা. কেয়া।

 
ইত্তেফাক/আরএইচ