ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফ জানান, ওই দুই ব্যক্তি যুবককে জরুরি বিভাগে নিয়ে এসে তার কাছে দেন। এ সময় তারা টিকিট আনতে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের আর পাওয়া যায়নি।
পারভেজ মোশারফ জানান, পরে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকেল ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, যুবককে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া দুই ব্যক্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।
